শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ছে
নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির কারণে আবারো ছুটি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে সোমবার (২৮ জুন) থেকে দেশজুড়ে আসছে কঠোর লকডাউন। এ অবস্থায় ফের অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা।
ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে সরকারের ওপর মহলে আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘করোনা সংক্রমণের হার ক্রমেই বাড়ছে। আজকেই (গতকাল) ২১ শতাংশের বেশি ছিল। ৫ শতাংশের নিচে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি বুঝে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত জানাবেন। এর জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।’
শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সুযোগ নেই। আমরা কাউকে ঝুঁকির মধ্যে দেখতে চাই না। শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করে চলমান ছুটি আরো বাড়ানো হতে পারে।’
অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেছেন, ‘সরকারের ঘোষিত তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সব ধরনের প্রস্তুতি আছে। সরকারের নির্দেশনা পেলেই প্রতিষ্ঠান খোলা যাবে। তবে সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর।’
এর আগে শুক্রবার রাতে আগামী সোমবার (২৮ জুন) থেকে ৪ জুলাই পর্যন্ত এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এ সময়ে দেশের সব অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না। শুধু জরুরি পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে।
উল্লেখ্য গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের খবর দেয় সরকার। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানানো হয়। এরপর সরকার ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল। চলতি বছরের মার্চ মাস থেকে আবার করোনা সংক্রমণ বাড়তে শুরু করলে সরকার এপ্রিল থেকে বিভিন্ন মেয়াদে বিধি-নিষেধ জারি করে। প্রথম থেকেই বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

