‘ভাইস-চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি গবেষক নাফিসা

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
অভিবাসন বিষয়ে গবেষণা কাজের স্বীকৃতি স্বরূপ সম্মানজনক ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ লাভ করেছেন বাংলাদেশি গবেষক নাফিসা ইয়াসমিন। ফিনল্যান্ডের স্বনামধন্য ল্যাপল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। ‘ইন্টারন্যাশনাল রিলেশন্স অব ইমিগ্রেশন অ্যান্ড স্যোসাল ইনফ্লুয়েন্স’ শীর্ষক গবেষণার জন্য ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি (২ মার্চ) আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

এ গবেষণার মাধ্যমে ফিনল্যান্ডসহ বর্তমান বিশ্বে অভিবাসন বিষয়ে সম্যক নতুন ধারণা সৃষ্টি হওয়ার পাশাপাশি এ বিষয়ে নতুন মডেল ও কৌশলপত্র রচিত হওয়ার দ্বার উন্মোচিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ করেন।

২০০৬ সালে ফিনল্যান্ডে গমনকারী নাফিসা ইয়াসমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের অধ্যাপক ওয়ালিউল হাসনাত মঈনের স্ত্রী এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এমদাদুল হক খন্দকার ও গৃহিনী মনোয়ারা হকের ছোট মেয়ে।

অধ্যাপক ওয়ালিউল হাসনাত জানান, বাংলা, ইংরেজি এবং ফিনিস ভাষায় পারদর্শী নাফিসা ইয়াসমিন বর্তমানে ফিনল্যান্ডের আর্কটিক ইমগ্র্যান্টস্-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ফিনল্যান্ডের স্থানীয় পৌরসভা এবং গবেষকদের ট্রেড ইউনিয়নের সহকারী বোর্ড সদস্য। ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করার পূর্বে তিনি সহনশীলতা এবং সমতা বিষয়ে গবেষণা করাসহ এ বিষয়ে বিশেষ অবদান রাখায় তিনি ফিনল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিগত সম্পর্ক বিষয়ক উপদেষ্টা বোর্ডের কাছে থেকে বিশেষ সম্মাননা লাভ করেন।

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করায় নাফিসা ওই বিশ্ববিদ্যালয়ের ভাইন-চ্যান্সেলরসহ তাঁর পিতা-মাতা, স্বামী, বোন, সন্তানসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিসহ বাংলাদেশের সকলের প্রতি তিনি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় নাফিসা ইয়াসমিন বলেন, মেধা, যোগ্যতা ও দক্ষতা থাকার পাশাপাশি কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকার কারণেই বিশ্বের বিভিন্নপ্রান্তে অবস্থানরত বাংলাদেশিরা বিভিন্ন ক্ষেত্রে সফলতা লাভ করছেন। আগামীতেও তাঁদের সফলতার এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  •  
  •  
  •  
  •