১৫ আগস্টের শহীদদের স্মরণে বাকৃবি ছাত্রলীগের শোক র‌্যালি

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ

স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে রবিবার সকালে এক শোক র‌্যালি করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের “বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে” পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী এবং সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল সহ বাকৃবি ছাত্রলীগের দেড় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শোক র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী বলেন, ১৯৭৫ সালের এই দিনে বিশ্বের নিপীড়িত মানুষের নেতা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির ইতিহাসের সবচেয়ে কালিমাময় দিন। রক্তঝরা এই দিনে জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে সেদিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবার-পরিজনকেও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল।

বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত সকল পলাতক আসামিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যায় জড়িত যেসকল আসামি বিদেশে লুকিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে এবং এ হত্যাকাণ্ডের নীলনকশাকারীদেরও বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি।

শোক র‌্যালি শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয় এছাড়া বাকৃবি শেষমোড় সংলগ্ন একটি এতিমখানায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,