শোক দিবসে দরিদ্র, অসহায় ও এতিমদের পাশে দাঁড়ালো বাকৃবি ছাত্রলীগ
রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় শোক দিবস ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দরিদ্র, অসহায় ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
রবিবার (১৫ আগস্ট) সকালে এক শোক র্যালি ও “বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে” পুষ্পস্তবক অর্পণের পর বাকৃবি ছাত্রলীগের পার্টি অফিসের সামনে থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শেষমোড় সংলগ্ন একটি এতিমখানায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

খাদ্য বিতরণ কর্মসূচি সম্পর্কে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি আজীবন মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছেন। জীবদ্দশায় তিনি চেয়েছিলেন সোনার বাংলা গড়তে কিন্তু কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রে সে কাজ শেষ করে যেতে পারেন নি। তার অসমাপ্ত কাজ শেষ করতে অক্লান্ত পরিশ্রম করছেন জননেত্রী শেখ হাসিনা। তার নির্দেশে আমরা ছাত্রলীগের সকল নেতা-কর্মী এদেশের দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ শোক দিবসে সকল অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করেছি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, ১৫ আগস্ট মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর শোকের দিন। এদিন ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবার-পরিজনকেও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল। ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে আজ আমরা দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছি। এছাড়া এতিম শিশুদের মাঝেও খাদ্য বিতরণ করে তাদের জাতির পিতা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানিয়েছি।

