রাবিতে আইসিসির ‘অযৌক্তিক’ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘অবৈধ’ বোলিং অ্যাকশনের দায়ে তাসকিন আহমেদ ও আরাফাত সানির ওপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় তাদের হাতে আইসিসির বিরুদ্ধে লেখা প্ল্যাকাড দেখা যায়। এসব প্ল্যাকাডে লিখা ছিল- ‘সেম অন আইসিসি’, ‘আইসিসি আর কত প্রতিভা নিয়ে খেলবি, আর কত প্রতিভা ধ্বংস করবি’, ‘এক দফা এক দাবি, ব্যাক তাসকিন ব্যাক সানি’।

মানববন্ধনে বক্তারা বলেন, তাসকিন-সানিকে আইসিসির নিষিদ্ধ করা ভারত-অষ্ট্রেলিয়ার ষড়যন্ত্রের অংশ। ভারত তাদের মাটিতে কোনদিন বাংলাদেশকে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে না ডাকা, অষ্ট্রেলিয়ার দ্বি-পাক্ষিক সিরিজ বাতিল ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে না আসা, সবই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। শিক্ষার্থীরা আরও বলেন, তাসকিন-সানি বাংলাদেশ ক্রিকেটের অনেক সাফল্যের অংশীদার। আজ যখন তাদের চক্রান্ত করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হচ্ছে তখন আমরা ঘরে বসে এ চক্রান্ত মেনে নিতে পারি না। শিক্ষার্থীরা অনতিবিলম্বে আইসিসির এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী খুরশিদ রাজিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাতুল, রাফিজ, কামরুল, কাফি, সালমান আদমান ও মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।#

  •  
  •  
  •  
  •