সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাকৃবি ছাত্রলীগের ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’
রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের পীরগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনার প্রতিবাদে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে ছাত্রলীগের পার্টি অফিস থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে হ্যালিপ্যাডে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে ছাত্রলীগের নেতা কর্মীরা বক্তৃতা দেন।
এতে বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য কিছু ‘কুচক্রী মহল’ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনও ঠাঁই নেই। আমরা সবাইকে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দেবো।
সমাবেশে বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, সাম্প্রদায়িক অপশক্তি দেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো মৌলবাদের স্থান হবে না। এ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে এ অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, এদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
উল্লেখ্য দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের একটি মন্দিরে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়। এরপর চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীসহ কয়েকটি জেলায় মন্দিরে হামলা হয়। এ ছাড়াও রংপুরে হিন্দুদের জেলেপল্লিতে হামলার পর দেশব্যাপী সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনার প্রতিবাদে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’র ঘোষণা দেয় ছাত্রলীগ।

