পাবলিক বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নে ২৪তম অবস্থানে বাকৃবি
নিউজ ডেস্কঃ
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ৫৪.৪ নম্বর পেয়ে ২৪তম স্থান অর্জন করেছে এ বিশ্ববিদ্যালয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে ৯৮ দশমিক ৩৮ নম্বর পেয়ে প্রথম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। ৯৩ দশমিক ৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ৯২ দশমিক ১৫ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে কুয়েট।
এছাড়া ৮৭ দশমিক ৭ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৮৬ দশমিক ৮ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ষষ্ঠ অবস্থানে রয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সপ্তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, অষ্টম অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, নবম অবস্থানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দশম অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে অতিমারী করোনার কারণে জিনিসপত্র কেনা যায় নি এবং আবসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় কমিউনিটির কথা চিন্তা করে সতর্কতা অবলম্বন করতে হয়েছে। তবে চুক্তি অনুযায়ী প্রায় সব কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
উল্লেখ্য সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার ও সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে এপিএ প্রবর্তন করা হয়েছে।

