১৫ কোটি টাকার হিসাব নেই অধ্যক্ষের কাছে

নিউজ ডেস্ক:

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান আলীর বিরুদ্ধে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

দুদকে করা অভিযোগ সূত্রে জানা যায়, এ ঘটনায় ১৫ দিন আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া কার্যালয়ে অভিযোগ দিয়েছেন জনৈক আব্দুর রাজ্জাক। ঘটনাটি জানাজানি হয় গতকাল রবিবার দুপুরে।

অভিযোগে বলা হয়, শাহজাহান আলী এই কলেজে অধ্যক্ষ হিসেবে ২০১৮ সালের ১ জানুয়ারিতে যোগ দেন। এরপর কলেজের পাঁচটি পুকুর ইজারা না দিয়ে নিজস্ব লোক দিয়ে মাছ চাষ ও বিক্রি করে থাকেন। এই পুকুর থেকে মাছ বেচে বিগত তিন বছরে সাড়ে সাত লাখ টাকা পকেটে ভরেন। এ ছাড়া কলেজের সাতটি বাস বাসার গ্যারেজে রেখে ভাড়া বাবদ ৫০ হাজার টাকা আদায় করেন। এভাবে বিগত তিন বছরে ১৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন। শুধু তা-ই নয়, কলেজের নির্দিষ্ট অ্যাকাউন্টে লেনদেন না করে এক কর্মচারীর মাধ্যমে এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন করেন এই অধ্যক্ষ।

এ ব্যাপারে অধ্যক্ষ শাহজাহান আলী বলেন, “একটি প্রতিহিংসাপরায়ণ মহল তার বিরুদ্ধে এসব কুৎসা ছড়াচ্ছে।”

  •  
  •  
  •  
  •