এসএসসি ও সমমানে পাসের গড় হার ৯৩.৫৮%
নিউজ ডেস্ক:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় এ ফল প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।
এরপর শিক্ষা বোর্ডগুলোর সূত্র জানায়, এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮ শতাংশ।
অন্যদিকে মাদরাসা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। এছাড়া কারিগরিতে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।
পরীক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে গিয়ে সবাইকে ফল দেখার অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

