রাবির প্রশাসনিক তিন পদে পরিবর্তন

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা, প্রক্টর ও জনসংযোগ দপ্তরের প্রশাসক পদে নতুন তিন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী উপাচার্যের আদেশবলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গুরুত্বপূর্ণ এই তিন পদে পরিবর্তন আনা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক প্রথম আলোকে জানান, গতকাল মঙ্গলবার দুপুরে উপাচার্যের এক আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছাত্র-উপদেষ্টা হিসেবে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান-২, প্রক্টর হিসেবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মজিবুল হক আজাদ খান এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।

আগামী ১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন। ১ এপ্রিল দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও ওইদিন শুক্রবার হওয়ায় ৩১ মার্চ বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ সাদ আহমেদ।

  •  
  •  
  •  
  •