জাবির পর বুয়েটেও সশরীরে ক্লাস বন্ধ

নিউজ ডেস্ক:

দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় আগামী শনিবার থেকে সশরীরে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)।

বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক পর্যায়ে জুলাই ২০২১ টার্মের সকল লেভেল বা টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেস্ট এবং ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইনে পাঠদান চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। তবে আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এতে করে তিন মাসের মধ্যে আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে ক্লাশ বন্ধ হয়ে গেল। মহামারীতে দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত ১৩ নভেম্বর বুয়েটে সরাসরি ক্লাস শুরু হয়। এর আগে ১০ নভেম্বর হলগুলো খুলে দেওয়া হয়।

 

  •  
  •  
  •  
  •