বাকৃবিতে ‘বাউরেস’ এর ৩ দিনব্যাপী গবেষণা অগ্রগতির বার্ষিক কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) ৩ দিনব্যাপী গবেষণা অগ্রগতির বার্ষিক কর্মশালা শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এ বছর উদ্ভোধনী অনুষ্ঠান ২৮শে জানুয়ারি ২০২২ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

উদ্ভোধনী অনুষ্ঠান শেষে আগামী ২৯-৩০ তারিখে অনুষদওয়ারী বিভিন্ন ভার্চুয়াল প্লাটফর্মে মোট ১৯ টি প্যারালাল টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। উক্ত টেকনিক্যাল সেশনে ৪৬৩টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপিত হবে।

এ বছর গবেষণার এইচ-ইনডেক্সের ওপর ভিত্তি করে বাকৃবির মোট ১৬ জন গবেষককে ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়েছে। এ ছাড়াও কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য খামারি পর্যায়ের ৪ জন উদ্যোক্তাকে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২২’ প্রদান করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্প থেকে ইমপ্যাক ফ্যাক্টর জার্নালে আর্টিক্যাল প্রকাশ করায় প্রকাশনা খরচ বাবদ এ বছর ১৫জনকে ১০০ ডলার (সমপরিমান টাকা) প্রকাশনা ফি হিসেবে প্রদান করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাউরেস।

এই বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা ২০২০-২০২১ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আজীবন লালিত স্বপ্ন “সোনার বাংলা” গড়ার অনেক প্রত্যাশাই পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন বাউরেসের পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান।

কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামছুল আলম। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা ড. এফ এইচ আনসারী। উদ্ভোধনী অনুষ্ঠানটি বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে ১৯৮৪ সনের ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৬১তম অধিবেশনে “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) অধ্যাদেশ” অনুমোদন লাভ করে।

তখন থেকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের দ্বারা পরিচালিত প্রকল্প-গবেষণা কার্যক্রমের তদারকি, ব্যবস্থাপনা ও পরিবীক্ষণের যাবতীয় দায়িত্ব বাউরেস পালন করে আসছে। তারই ধারাবহিকতা বাউরেস প্রায় ৩৪৫৬ টি গবেষণা প্রকল্পের কাজ সমাপ্ত করেছে এবং প্রায় ছয় শতাধিক গবেষণা প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

  •  
  •  
  •  
  •