বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের ৩ দিন ব্যাপি বার্ষিক কর্মশালা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেসের) ২০২০-২১ বর্ষের গবেষণা অগ্রগতি বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। গত ২৮ জানুয়ারি শুরু হয়ে তিনদিনব্যাপী এই কর্মশালা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় ভার্চুয়াল প্লাটফর্মে মোট ১৯ টি প্যারালাল টেকনিক্যাল সেশনে ৪৬৩টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হয়েছে।
এ বছর গবেষণার আন্তর্জাতিক মানদন্ড অর্থাৎ এইচ-ইনডেক্সের ওপর ভিত্তি করে বাকৃবির মোট ১৬ জন গবেষককে ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়েছে। এ ছাড়াও কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য খামারি পর্যায়ের ৪ জন উদ্যোক্তাকে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২২’ প্রদান করা হয়েছে ।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্প থেকে ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে আর্টিক্যাল প্রকাশ করায় প্রকাশনা খরচ বাবদ ১৫জনকে ১০০ ডলার প্রকাশনা ফি প্রদান করা হয়েছে ।
সমাপনী অনুষ্ঠানে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যাপক ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাকৃবি ডিন কাউন্সিলের আহব্বায়ক প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া, বাকৃবি উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ. কে. এম জাকির হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড মো আব্দুস সালাম।
উল্লেখ্য যে, ১৯৮৪ সালের ৩০ শে আগস্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাউরেসের হাত ধরে বাকৃবিতে ৩৪৫৬ টি গবেষণা প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও বর্তমানে প্রায় ছয় শতাধিক গবেষণা প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

