শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবি প্রক্টর প্রত্যাহার

নিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রক্টরকে প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে হলে ফিরছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল ও তার বন্ধু রায়হান। সেসময় শহীদ হাবিবুর রহমান হলের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হিমেল। আহত হয় তার বন্ধু রায়হান।শিক্ষার্থী রায়হানকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হিমেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা নির্মাণকাজে ব্যবহৃত ৫টি ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হিমেলের লাশটি প্রায় আড়াই ঘণ্টা দুর্ঘটনাস্থলেই পড়ে ছিল।

পরিস্থিতি সামাল দিতে প্রক্টর মো. লিয়াকত আলী ঘটনাস্থলে গেলে বিক্ষুদ্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। পরে হামলা চালায় ভিসির বাসভবনে। এছাড়াও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। এ ঘটনার পর ক্যাম্পাস উত্তপ্ত থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  •  
  •  
  •  
  •