প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক: আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১ মার্চ প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হবে, বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ১ মার্চ থেকে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়সমূহ। করোনা সংক্রমনের আগের রুটিন অনুসারে প্রতিদিনই ক্লাস চলবে। ১২ বছরের নিচেতো টিকা দেওয়া হচ্ছে না, তাই করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় টিকা ছাড়াই শিক্ষার্থীরা ক্লাসে আসবে। টিকার ব্যবস্থা হলে তাদেরও দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠক করার পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আরও দুই সপ্তাহ পর সিদ্ধান্ত নেওয়া হবে।

দীপু মনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে। তবে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান আপাতত অনলাইনে চলবে। প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আরও দুই সপ্তাহ পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এরমধ্যে শুক্রবার সকালেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া খবর এল।

  •  
  •  
  •  
  •