এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় প্রকাশ
শিক্ষা ডেস্ক: এবছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী জুনে এবং উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এছাড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষার তিন পত্রের সিলেবাস আরও সংশোধন করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষর করা অফিস আদেশে বিভিন্ন বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি তুলে ধরা হয়েছে।
বলা হয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষা জুনে এবং এইচএসসি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র বিষয়ের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করা হয়েছে।
এদিকে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের বিষয়টি জানিয়ে সব প্রতিষ্ঠানপ্রধানকে চিঠি পাঠায় ঢাকা শিক্ষা বোর্ড।

