দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী এক লাখ ৪ হাজার ৪৩৮ জন 

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার অংশ নেবেন এক লাখ ৪ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী ।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, রোববার থেকে শুরু হওয়া ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ১ লাখ ৪ হাজার ৪৩৮জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ৫৫ হাজার ১৫৯ জন ছাত্র ও ৪৯ হাজার ২৭৪ জন ছাত্রী রয়েছেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাধীন রংপুর বিভাগের ৮টি জেলার ৬১২টি কলেজের পরীক্ষার্থীরা ১৮৪টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৩৮৩ জনের মধ্যে ১৫ হাজার ৫২০ জন ছাত্র ও ৯ হাজার ৮৬৩ জন ছাত্রী, মানবিক বিভাগে ৬২ হাজার ৩৭০ জনের মধ্যে ২৮ হাজার ৬৬ জন ছাত্র ও ৩৪ হাজার ৩০৪ জন ছাত্রী এবং ব্যবসা শিক্ষা বিভাগে ১৬ হাজার ৬৮৫ জনের মধ্যে ১১ হাজার ৫৭৫ জন ছাত্র ও ৫ হাজার ১১০ জন ছাত্রী রয়েছেন। এবার নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিচ্ছেন ৮৪ হাজার ৩২৪ জন। এর মধ্যে ৪৩ হাজার ৬৪৬ জন ছাত্র ও ৪০ হাজার ৬৭৮ জন ছাত্রী। জিপিএ উন্নয়নে ৮৯৬ জন পরীক্ষা দিচ্ছেন। অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ১৯ হাজার ১৫৭ জনের মধ্যে ১০ হাজার ৭৯৩ জন ছাত্র ও ৮ হাজার ৩৬৪ জন ছাত্রী রয়েছেন। ৬১ জন পরীক্ষার্থী প্রাইভেটে পরীক্ষা দিচ্ছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, রংপুর জেলার ১৯ হাজার ৩৫৫ জন ৩৩টি কেন্দ্রে, গাইবান্ধার ১৩ হাজার ২১৬ জন ২৯টি কেন্দ্রে, নীলফামারীর ১২ হাজার ৪১২ জন ২১টি কেন্দ্রে, কুড়িগ্রামের ১২ হাজার ২৫৭ জন ২২টি কেন্দ্রে, লালমনিরহাটের ৭ হাজার ৭৭০ জন ১০টি কেন্দ্রে, দিনাজপুরের ২০ হাজার ৮৭৯ জন ৩৯টি কেন্দ্রে, ঠাকুরগাঁওয়ে ১০ হাজার ৯৫২ জন ১৮টি কেন্দ্রে এবং পঞ্চগড় জেলার ৭ হাজার ৫৯৭ জন ১২টি কেন্দ্রে পরীক্ষা দিবেন।
শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান।

  •  
  •  
  •  
  •