মিরপুরে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

নিউজ ডেস্ক:

রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামান্তা (২০) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মিরপুরের শাহ আলী মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সামান্তা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) চতুর্থ সে‌মিস্টারের ছাত্রী ছিলেন। তিনি গোপালগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া আজ শুক্রবার দুপুরে বলেন, ‘গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের পিকনিক শেষে মোটরসাইকেলে করে মিরপুরের বাসায় ফেরার পথে শাহ আলী মাদ্রাসার সামনে এলে পেছন থেকে একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।’

তিনি আরও জানান, ‘মিরপুর থেকে ওই তরুণীকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।’

  •  
  •  
  •  
  •