পরীক্ষায় নকল করার কারণে ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ

নিউজ ডেস্ক: পরীক্ষায় নকল করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সরকারি সাত কলেজের ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

বুধবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সুপারিশ করা হয় বলে জানান কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী।

তিনি বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সভায় একইসঙ্গে মাস্টারদা সূর্যসেন হলে শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সিফাত উল্লাহকে হল থেকে আজীবন ও বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় আরও এক বছর বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি।

প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাপরিপন্থী কাজ করায় তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। এর আগেও সে বহিষ্কার হয়েছিল। এবার তাকে শাস্তির পাশাপাশি সতর্ক করে দেওয়া হচ্ছে।

  •  
  •  
  •  
  •