ছাত্রলীগ নেত্রীদের সাথে দুর্ব্যবহার, বাকৃবিতে তায়েফ রিয়াদের বহিষ্কার দাবি

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ নেত্রীদের সাথে দুর্ব্যবহার করার জেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতা তায়েফ রিয়াদের বহিষ্কার দাবি করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

জানা গেছে, শনিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে গেলে বেগম রোকেয়া হল ছাত্রলীগ নেত্রীদের সাথে বাকবিতণ্ডা হয় ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতা তায়েফ রিয়াদের। পরবর্তীতে তার বহিষ্কার দাবি করে বাকৃবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে তায়েফ রিয়াদ তাদের সাথে দুর্ব্যবহার করেন এবং জোর করে শোডাউন করানোর চেষ্টা করেন। এতে শিক্ষার্থীরা সম্মতি না দিলে তাদের মা-বাবা তুলে গালি দেন। এমতবস্থায় তায়েফ রিয়াদের বহিষ্কার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে অভিযুক্ত তায়েফ রিয়াদ বলেন, বেগম রোকেয়া হল থেকে কয়েকজন ছাত্রী আমাদের সাথে প্রোগ্রামে অংশ নিতে চাইলে প্রতিপক্ষ গ্রুপ তাদের বাঁধা দেয় তাই আমি তাদের বলেছি কে কার সাথে প্রোগ্রাম করবে তা কারো ঠিক করে দেয়ার এখতিয়ার নেই। এখানে হেনস্তা করার কোন প্রশ্নই আসে না। এখন যা কিছু হচ্ছে সব সাজানো।

  •  
  •  
  •  
  •