জবিতে গত ৪ দিনে অর্ধশতাধিক ছাত্রী ডায়রিয়ায় আক্রান্ত
নিউজ ডেস্ক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি হলে চার দিনে অর্ধশতাধিক ছাত্রী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও কাছের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, অনিরাপদ পানি ও অস্বাস্থ্যকর খাবারে কারণে তাঁদের অনেকের ডায়রিয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, গত চার দিনে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ৫৩ ছাত্রী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।
এর মধ্যে গতকাল বুধবার বেলা দুইটা পর্যন্ত ১৫ জন, মঙ্গলবার ১৪, সোমবার ১২ ও রোববার ১২ ছাত্রী একই কারণে চিকিৎসা নিয়েছেন।
ডায়রিয়ায় আক্রান্ত শিক্ষার্থীরা বলেন, তাঁরা শুধু বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার নয়, আশপাশের বেসরকারি হাসপাতালগুলোতেও চিকিৎসা নিচ্ছেন।
শিক্ষার্থীদের মেডিকেল সেন্টার থেকে ডায়রিয়ার প্রাথমিক ওষুধ ও পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া যাঁদের অবস্থা গুরুতর, তাঁরা কাছের হাসপাতালে ভর্তি হচ্ছেন।
হল কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের এমন অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে তারা। হলে সরবরাহকৃত পানি পরীক্ষা করার জন্য গবেষণাগারে পাঠানো হবে।
শিক্ষার্থীদের ডায়রিয়ার প্রকোপ নিয়ে হল প্রাধ্যক্ষ শামীমা বেগম বলেন, ডায়রিয়ার প্রকোপ শুরুর কথা শুনে আমরা হল পরিদর্শন করি। ছাত্রীদের অপরিচ্ছন্নতার বিষয়টিও নজরে এসেছে। সুস্থ থাকতে তাদেরও পরিচ্ছন্ন থাকতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা শুধু শুধু অভিযোগ করছে, পানি ঘোলা ও গন্ধ করছে। আমরা দেখতে পেয়েছি পানি পরিষ্কার। তারা যেহেতু নতুন এসেছে, তাই মানিয়ে নিতে হয়তো কিছুদিন সময় লাগবে। প্রতিটি তলায় পানির ফিল্টার বসানো হবে। এ ছাড়া পানি পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হচ্ছে।

