রমজানে ক্লাস বন্ধ করাটা ঠিক হবে না; শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক:
২০২২ সালে এসএসসি-এইচএসসি শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের রত্নগর্ভা মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে গত দুই বছর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ছিল। ২০২২ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের যদি ক্লাস না করানো হয় তাহলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে এবং সমস্যা হবে। রোজার কারণে এখন ক্লাস বন্ধ করাটা ঠিক হবে না। তবে কত তারিখ পর্যন্ত ক্লাস হবে তা এখনো ঠিক করা হয়নি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদ, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ।

