ময়মনসিংহে জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

প্রতিবছরের ন্যায় এ বছর ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ এর ময়মনসিংহ আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সমকাল ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবি) এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ অঞ্চলের জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়।

শনিবার (১৬ এপ্রিল) সকাল নয়টার দিকে বাকৃবির প্রশাসনিক ভবনের সামনে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান। তিনি এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জ্ঞান আহরণের বিকল্প নেই। এজন্য ক্লাসের পড়াশুনার পাশাপাশি এ ধরনের শিক্ষামূলক প্রতিযোগীতায় অংশগ্রহণ খুবই প্রয়োজনীয়।”

এসময় উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অলিম্পিয়াড, ময়মনসিংহ অঞ্চল এর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহীর উদ্দীন ও জীববিজ্ঞান জাতীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য প্রফেসর ড. এ.কে.এম গোলাম সারওয়ার, জীববিজ্ঞান অলিম্পিয়াড, ময়মনসিংহ অঞ্চল এর সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ সহিদুজ্জামান, প্রফেসর ড. মোঃ সবিবুল হক ও মোঃ নাজমুল কবির।

এবছর ময়মনসিংহ আঞ্চলিক প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে (জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৪৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ময়মনসিংহ অঞ্চলের জুনিয়র ক্যাটাগরিতে ৪০ জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে ৯৬ জন এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ১৪ জনসহ মোট তিনটি ক্যাটাগরিতে ১৫০ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়।

পরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রফেসর ড. এ.কে.এম গোলাম সারওয়ার, ড. মোঃ রফিকুল ইসলাম-২, প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন-১, প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন-২, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর কিরিট কুমার দত্ত, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিউট এর প্রফেসর ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রফেসর ড. মোঃ সহিদুজ্জামান, প্রফেসর ড. মোঃ সবিবুল হক ও মোঃ নাজমুল কবির।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো: মোরশেদুল ইসলাম।

  •  
  •  
  •  
  •