মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ, ক্লাস পরীক্ষা স্থগিত
নিউজ ডেস্ক: ‘খেয়ে টাকা না দেওয়ায় কথা-কাটাকাটির জেরে’ নিউমার্কেটের ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে নিউমার্কেট এলাকা। সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন দুই ব্যবসায়ী। এছাড়া পুলিশের ছোঁড়া রাবার বুলেটে আহত হয়েছেন ঢাকা কলেজের দুই শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুই শিক্ষার্থী হলেন- মোশাররফ হাজারি (২৪) ও রজব রহমান (২৭)।
শিক্ষার্থীরা জানান, পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মোশারফ হোসেন বুলেটবিদ্ধ হন। অন্যদিকে পুলিশের ছোঁড়া টিয়ার শেল রজবের বুকে লাগে। আহতদের মধ্যে মোশাররফের অবস্থা আশঙ্কাজনক।
দফায় দফায় সংঘর্ষ চলাকালে রাস্তার দুই পাশে রাখা একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এছাড়া পুরো রাস্তাজুড়ে ইটের টুকরা ও কাঁচ ভাঙা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। এরপর অতিরিক্ত পুলিশ আসলে রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের জেরে মিরপুর রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। পরে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
ব্যবসায়ীরা জানান, নিউমার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর প্রতিবাদ করায় শিক্ষার্থীরা লাঠি ও অস্ত্র নিয়ে তাদের মারধর করেন।
এসময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি হকার্স মার্কেট ও ঢাকা কলেজের সামনে অবস্থান নেন। অন্যদিকে, ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। তারা নিজ নিজ অবস্থান থেকে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ ঘটনায় ঢাকা কলেজ কর্তৃপক্ষ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা কলেজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

