বহিরাগত সন্ত্রাসীর হামলায় বাকৃবি শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক: বহিরাগত সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৌধুরী অনিত হাসান। গত ২৪ এপ্রিল, রবিবার ময়মনসিংহ শহরে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগ শাখার দপ্তর সম্পাদক, মো: মুইন নাদিম আল মুন্না জানান- ঘটনার দিন অনিত হাসান তার বন্ধুবান্ধসহ শহরের হক মার্কেটে কেনাকাটা করতে গেলে সেখানকার স্থানীয় একজন তার এক বান্ধবীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে ওই ব্যাক্তির সাথে তাদের কথা কাটাকাটি হয় এবং উত্তেজনার এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করে। অনিত হাসান ও তার বন্ধুরা ঘটনাস্থল থেকে সরে আসেন। পরবর্তীতে তারা শহরের বারী প্লাজার সামনে গেলে ওই ব্যাক্তি তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে অনিত ও তার বন্ধুদের মারধর করে। এসময় অনিত হাসান আহত হন এবং তার থুতনির নীচে ফেটে যায়। তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা এ কে এম জাকির হোসেন এবং সহকারী প্রক্টর ড মোঃ রিজওয়ানুল হক হাসপাতালে তার সাথে দেখা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীন সবুজ বাংলাদেশ24.কম কে বলেন, দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

  •  
  •  
  •  
  •