কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. জাকির

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ড.এ.কে.এম. জাকির হোসেন ১৯৬৯ সনের ২৮ সেপ্টেম্বর রংপুর জেলার বদরগঞ্জ থানার অন্তর্গত উত্তর বাউচান্দি,পাকের মাথা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মোঃ মকবুল হোসেন এবং মাতার নাম জামিলা খানম।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে এম.এস ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে জাপানের গিফু ইউনিভার্সিটি থেকে প্ল্যান্ট ফিজিওলজি এন্ড বায়োকেমিষ্ট্রি বিষয়ে পিএইচ.ডি এবং জাপান ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এগ্রিকালচারাল সায়েন্স থেকে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন।

১৯৯৭ সনে প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে লেকচারার হিসেবে শিক্ষকতা পেশায় নিযুক্ত হন। পরবর্তীতে ২০০০ সনে সহকারী প্রফেসর, ২০০৫ সনে সহযোগী প্রফেসর এবং ২০১০ সনে তিনি প্রফেসর পদে উন্নীত হন।

সফল কর্মজীবনের অধিকারী প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও সীড সায়েন্স এন্ড টেকনোলজী বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর, প্রোক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, পরিচালক, বিশ্ববিদ্যালয় সিকিউরিটি কাউন্সিল, পরিচালক পরিবহন শাখা, সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় ক্লাব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত যুগ্ম সম্পাদক ও সহ সভাপতি,সিনিয়র সহ-সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন,বাকৃবি এবং শিক্ষা ও গবেষণা কাজের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিযেশন এর যুগ্ম মহাসচিব,বাকৃবি শিশু কিশোর কাউন্সিল এর সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পেশাগত সংগঠনের কার্যক্রমের সাথে জড়িত।

প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন বহু জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, ওর্য়াকশপ ও কনফারেন্সে যোগদান করে গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিভিন্ন টেকনিক্যাল সেশনে চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। তার লেখা ৫০টি গবেষণামূলক প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্ণালে প্রকাশিত হয়েছে।

ব্যক্তিগত জীবনে প্রফেসর ড.এ.কে.এম. জাকির হোসেন খান বিবাহিত, তাঁর স্ত্রী প্রফেসর ড. ফৌজিয়া সুলতানা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং তিনি দুই পুত্র সন্তানের জনক।

উল্লেখ্য ২০১৫ সালের ১৫ অক্টোবর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গা পীড়িত কুড়িগ্রাম জেলায় একটি বিশ্ববিদ্যালয়, বিশেষ শিল্পাঞ্চল ও নদী ড্রেজিং এর প্রতিশ্রুতি দেন। তারই প্রেক্ষাপটে উনার নিজস্ব চিন্তা থেকে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা বৈঠকে ২১ ডিসেম্বর ২০২০ এ বিশ্ববিদ্যালয় ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়া অনুমোদন করে। গত ৯ মার্চ ২০২১ তারিখে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি মন্ত্রিসভার বৈঠকে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

  •  
  •  
  •  
  •