রাবিতে বাংলা বিভাগের এ্যালামনাই সন্মেলন শুরু
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে বাংলা বিভাগের দুই দিনব্যাপী এ্যালামনাই সন্মেলন। শুক্রবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানের উদ্ধোধন করেন বিভাগের সাবেক শিক্ষক ও রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক।
এর আগে সকাল সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বিভাগের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে গিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে।
বিভাগের সভাপতি অধ্যাপক পি এম শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক জুলফিকার মাতিন, বিভাগের শিক্ষক অধ্যাপক সুজিত সরকার ও পূনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক আপেল আবদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাধীনতা অর্জনের পর থেকেই জাতির প্রত্যাশা অনুযায়ী স্বাধীন-মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে আমরা এ বিশ্ববিদ্যালয়কে আগলে রেখেছি। আগলে রাখতে গিয়ে কখনো বাঁধা পেয়েছি, বিচ্যূত হয়েছি কিন্তু হাল ছাড়িনি। এ সময় তিনি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের তাদের সামর্থ দিয়ে এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্বল রাখার আহ্বান জানান।’
আলোচনা অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষক অধ্যাপক সফিকুন্নবী সামাদীর উপস্থাপনায় এক প্রাণবন্ত স্মৃতিচারণ পর্ব অনুুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়াও এ্যালামনাই সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও মানবসম্পদ উন্নয়নে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হবে। রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন আবুল হাসান চৌধুরী।
দ্বিতীয় দিনের কর্মসূচিতে এছাড়াও বাংলা বিভাগ অ্যালামনাই পুরস্কার ‘কলাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ পুরস্কার-২০১৫’ প্রদান করা হবে এবং সৃজনশীল ও সাহিত্যে গবেষণায় বিশেষ অবদানের জন্যে দুইজনকে পুরস্কার প্রদান করা হবে। এসময় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক।
এছাড়াও দ্বিতীয় দিন শনিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

