হলে নিয়মবহির্ভূত সীট বণ্টনের বিরুদ্ধে বাকৃবি শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়মবহির্ভূতভাবে ছাত্রীদের সীট দেয়ায় নিজ হলের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন এক শিক্ষার্থী। ঐ শিক্ষার্থীর নাম রেসমিনা হক। তিনি বেগম রোকেয়া হলের একজন আবাসিক শিক্ষার্থী।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলগুলোতে মেধাভিত্তিক আসন ব্যবস্থার নিয়ম থাকলেও কিছু অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। বেগম রোকেয়া হলে গতমাসে ১৯ জন শিক্ষার্থীকে মেধাভিত্তিক সিরিয়াল ভঙ্গ করে হলে সীট দেয়া হয়। সে সময়ে এর বিরুদ্ধে শিক্ষার্থীরা তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনিক তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে ছাত্রীদের মধ্যে সীট দেয়ার দাবি জানান। তবে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন উদ্যোগ দেখা যায় নি। শৃঙ্খলা ফিরিয়ে নিয়মতান্ত্রিকভাবে আসন বণ্টনের আশ্বাস দেয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয় নি।
এরই মধ্যে ১৬ অক্টোবর আবারও নতুন করে কয়েকজন শিক্ষার্থীকে নিয়মভঙ্গ করে হলের মূল ভবনে সীট দেয়া হয়। সীট বিন্যাস নিয়ে হলের সামগ্রিক এই অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রেসমিনা। প্রতিবাদস্বরূপ গতকাল বিকেল চারটা থেকে নিজ হলের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন তিনি। সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। এরপর হলের প্রভোস্ট, হাউজ টিউটরবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের শিক্ষকবৃন্দ সমস্যা সমাধানে রেসমিনার সাথে কথা বলতে আসেন। আলোচনার এক পর্যায়ে শিক্ষকদের পক্ষ থেকে মেধাভিত্তিক আসন ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু করার আশ্বাস দেয়া হয়। তবে উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বর্তমানে দেশের বাইরে থাকায় সে প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে বলে তাকে জানানো হয়।
এ বিষয়ে রেসমিনার সাথে সবুজবাংলাদেশ 24 ডটকম এর কথা হয়। সবুজবাংলাদেশ 24 কে রেসমিনা জানান ২৫ তারিখ ভিসি স্যারের দেশে ফেরার কথা রয়েছে। তবে ২৭ তারিখের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোন কার্যকরী পদক্ষেপ দেখা না গেলে তিনি আবারও কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান।

