বিশ্ব র্যাংকিয়ে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশ সেরা
বাকৃবি প্রতিনিধিঃ
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৩ এর বিষয়ভিত্তিক র্যাংকিং–এ লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশ সেরা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বিষয়ভিত্তিক এই র্যাংকিং–এ বাকৃবির স্থান বিশ্বে ৬০১–৮০০। কৃষি বিশ্বদ্যিালয়ের এ অর্জন নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রদান করা হয়। আইকিউএসি এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সুকুমার সাহা। এসময় তিনি উপস্থিতিদের মাঝে আইকিউএসি এর ১৩ টি কাঠামো তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী হতে পরামর্শ দেন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ হারুন অর রশীদ, সহযোগী অধ্যাপক ড. মোঃ গোলজার হোসেন ও আইকিউএসির র্যাংকিং কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন। এসময় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় ও এ বিষয়ে আইকিউএসির ভূমিকা তুলে ধরা হয়।
উল্লেখ্য যে, গত ১২ অক্টোবর টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৩ প্রকাশিত হয়। শিক্ষা, গবেষণা, সাইটেশন, শিল্প থেকে আয় এবং আন্তর্জাতিক দৃষ্টিভংগী সংশ্লিষ্ট ১৩ টি নির্দেশকে বিশ্ববিদ্যালয়ের পারফরম্যান্স এরউপর ভিত্তি করে এই র্যাংকিং করা হয়। বাংলাদেশ থেকে এবছর ঢাবি, বাকৃবি, বুয়েট, নর্থ সাউথ ও কুয়েট এই তালিকায় স্থান পেয়েছে। ঢাবি ও নর্থ সাউথ এর গ্লোবাল পজিশন (র্যাংকিং তালিকায় থাকা ১৭৯৯ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে) ৬০১–৮০০ এবংবাকৃবি, বুয়েট, ও কুয়েট এর গ্লোবাল পজিশন ১২০১–১৫০০।
এরপর গত ২৫ অক্টোবর তারিখে সংস্থাটি বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ভিত্তিক র্যাংকিং প্রকাশ করেছে। ১১ টি বিষয়ের উপর এই র্যাংকিং হয়ে থাকে। এর মধ্যে লাইফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, বিজনেস এন্ড ইকোনমিক্স, সোশাল সায়েন্স, ফিজিকাল সায়েন্স, ক্লিনিক্যাল এন্ড হেলথ ক্যাটাগরিতে বাংলাদেশ রয়েছে। লাইফ সায়েন্স ক্যাটাগরিতে এগ্রিকালচার এন্ডফরেস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স ও স্পোর্টস সায়েন্সে বিশ্বের ১০১৭ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।বাংলাদেশ থেকে বাকৃবি ও ঢাবি এই তালিকায় রয়েছে । উভয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬০১–৮০০ এর মধ্যে। এই অবস্থানেরজন্য প্রাপ্ত স্কোর হচ্ছে ২১.৫–২৯.৩ । বাকৃবির প্রাপ্ত স্কোর ২৮.৬ এবং ঢাবির ২৩.৪ ।
বিশ্বে হরেক রকমের ইউনিভার্সিটি র্যাংকিং থাকলেও এই র্যাংকিং গ্রহনযোগ্যতায় অনন্য। বাংলাদেশ সরকারও এই র্যাংকিংকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এবছর বিশ্বের ১০৪টি দেশের ১৭৯৯ টি বিশ্ববিদ্যালয় এই র্যাংকিং তালিকায় স্থান পেয়েছে এবং শীর্ষ পাঁচে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ক্যামব্রিজ, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড, স্টানফোর্ড ও এমআইটি। গতবছর বাংলাদেশের ৩ টিবিশ্ববিদ্যালয় (ঢাবি, বাকৃবি ও বুয়েট) সহ এ সংখ্যাটি ছিল ১৬৬২।
টিএইচই এর এই র্যাংকিং তালিকায় কোন বিশ্ববিদ্যালয়কে স্থান পেতে বছরে ১৫০ সহ বিগত ৫ বছরে কমপক্ষে ১০০০ স্কোপাস ইন্ডেক্সড প্রকাশনা থাকতে হয় এবং টিএইচই ডেটা পোর্টালে বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্যাদি প্রদান করতে হয়।

