অনির্দিষ্টকালের জন্য সিভাসু বন্ধ ঘোষণা

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়:
আন্তঃবিভাগীয় খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সকাল থেকে ক্যাম্পাসে ভেটেরিনারি ও ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ৭ জন শিক্ষার্থী আহত হন।

গতকাল দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ আবাসিক ছাত্রদের বিকাল ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেন। ছাত্রীদের হল ত্যাগে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দেন তিনি।

সূত্র জানায়, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এ সময় ভেটেরিনারি ও ফিশারিজ বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ওই দুই শিক্ষার্থীর সহপাঠীরা সংঘর্ষে জড়ায়। পরে তা দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে।

বিকালে দুই পক্ষের শিক্ষার্থীদের বুঝিয়ে মীমাংসা করে দেন উপাচার্য। এ সময় নিজেদের মধ্যে আর সংঘর্ষ হবে না বলে উপাচার্যকে কথা দেন দুই পক্ষের শিক্ষার্থীরা। কিন্তু গতকাল ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের এম এ হান্নান ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। এর জের ধরে সকাল ১০টার দিকে শ্রেণিকক্ষে গিয়ে ফিশারিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা চালায় ভেটেরিনারি বিভাগের কয়েকজন শিক্ষার্থী। এ সময় ফিশারিজ বিভাগের তাসনিম, তিশা, নাসরিন, রিয়াদ, আনিস, এ্যানি ও আবির আহত হন। আবিরের মাথায় পেছন থেকে ইট দিয়ে আঘাত করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সিভাসু উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ আমাদের সময়কে বলেন, শিক্ষার্থীরা সংঘর্ষে জড়াবে না বলে সোমবার আমাকে কথা দিয়েছিল। নতুন করে কাদের ইন্ধনে তারা সংঘর্ষে জড়ালো তা এখনো বুঝতে পারছি না আমরা। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। খুব শিগগির বিশ্ববিদ্যালয় চালু করা সম্ভব হবে বলে আশা করছি।

  •  
  •  
  •  
  •