৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে ইউজিসির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের বিশ্ববিদ্যালয়সমূহ পরিচালনার ক্ষেত্রে সরকারের প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান এবং ইউজিসি নীতিমালা সঠিকভাবে মেনে চলার জন্য আহবান জানান। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোন ধরনের অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কোন রকমের ছাড় দিবে না।

আজ (২২মে) রবিবার ইউজিসি অডিটরিয়ামে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি উপস্থিত ছিলেন। সভায় ইউজিসি সচিব ড. মোঃ খালেদ সরকারি এবং ইউজিসি’র বিধিবিধানসমূহের বিভিন্ন দিক তুলে ধরেন।

ইউজিসি চেয়ারম্যান সঠিকভাবে উন্নয়ন প্রকল্প প্রণয়ন এবং যথাযথভাবে সময়মত প্রকল্পসমূহের বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। একইসময়ে তিনি প্রকল্পসমূহ বাস্তবায়নকালে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হলে তাঁর সহযোগিতা গ্রহণের জন্যও আহবান জানান।

সভায় দুস্কৃতকারীদের হাতে নিমর্মভাবে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একইসাথে সভায় সম্প্রতি নারায়নগঞ্জের স্কুল শিক্ষক জনাব শ্যামল কান্তি ভক্ত-এর লাঞ্চিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

সরকারি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বিধিবিধান যাতে লঙ্ঘন না করতে হয় সেজন্য বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে পাবলিক বিশ্ববিদ্যালসমূহের জন্য অভিন্ন নিয়োগ নীতিমালা এবং আর্থিক বিধিবিধান প্রণয়নের আহবান জানান।

  •  
  •  
  •  
  •