জবির মসজিদ টয়লেট থেকে ছাত্রী উদ্ধার!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় জামে মসজিদের টয়লেট থেকে এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইংরেজি বিভাগের ওই ছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।বৃহস্পতিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।

রহস্যময় এ ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারের সঙ্গে অভিমান করেই ওই ছাত্রী মসজিদে অবস্থান নিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও মসজিদ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এশার নামাজের পর খাদেম শফিকুল ইসলাম মসজিদের প্রধান ফটকে তালা দিয়ে রাতের খাবার খেতে যান।

পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে তিনি মসজিদ প্রবেশ করে একটি বাথরুমের দরজা বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও কোন সাড়া না পেয়ে তিনি মসজিদের পেশ ইমাম মো. ছালাহউদ্দিনকে বিষয়টি জানান।

খবর পেয়ে পেশ ইমাম ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে তিনিও বাথরুমের দরজায় একাধিকবার ধাক্কা দিলে ভেতর থেকে ওই ছাত্রী নিজের পরিচয় দেন। ইমাম সাহেব তাৎক্ষণিক বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করলে প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে এসে মেয়েটিকে বের করে নিয়ে আসেন।

পরে রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম ভূঁইয়ার উপস্থিতিতে ছাত্রীর পিতার কাছে তাকে হস্তান্তর করা হয়।

অধ্যাপক ড. মো. সেলিম ভূঁইয়া শুক্রবার দুপুরে ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, আল্লাহর কাছে শুকরিয়া যে কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটার আগেই আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই। তবে ঐ শিক্ষার্থীর মানুষিক সমস্যা অথবা বিশেষ কোন উদ্দেশ্য ছিল কিনা তা আমরা খতিয়ে দেখছি।

  •  
  •  
  •  
  •