রাবিতে বিচারের দাবিতে ফের আন্দোলনে শিক্ষার্থীরা
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ছুটি শেষে আবারো আন্দোলনে নেমেছে শিক্ষক-শিক্ষার্থীরা। এ উপলক্ষে শোক মিছিল ও সমাবেশ করেছে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’এ গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। গ্রীষ্মকালীন ছুটির পর এটাই তাদের প্রথম কর্মসূচি।
এর আগে মন্ত্রীদের আশ্বাসে ১৫ মে ইংরেজি বিভাগ ও ১৭ মে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চলমান আন্দোলন স্থগিত করে।
সমাবেশে ইংরেজি বিভাগের সভাপতি এ এফ এম মাসউদ আখতার বলেন, ‘মামলার কিছুটা অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করছি। অধ্যাপক রেজাউলকে শনিবার দিন হত্যা করা হয়েছে। তাই আমরা আমাদের আন্দোলন শুধুমাত্র শনিবার পালন করবো। এছাড়া ৬ জুন শিক্ষক সমিতির মানববন্ধনেও অংশগ্রহণ করবো।’
একই দাবিতে ৬ জুন সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্ মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করে।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগন এলাকায় নিজ বাসা থেকে একটু দূরে দুর্বৃত্তদের হাতে খুন হন অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। এরপর থেকে বিচার দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।

