ক্রসফায়ার নয়, আইনের আওতায় দোষীদের শাস্তি দেখতে চাই
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকান্ডের মুল হোতারা গ্রেফতার না হওয়ায় হতাশা ব্যক্ত করেন বিভাগের সভাপতি অধ্যাপক মাসউদ আখতার।
তিনি বলেন, ‘সিদ্দীকী স্যার হত্যার পঞ্চাশ দিন পেরিয়ে যাওয়ার পর হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত একজনকে ঢাকায় কথিত ক্রসফায়ার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। কিন্তু আমরা ক্রসফায়ার চাই না। আমরা চাই, দেশে প্রচলিত আইনের মাধ্যমে দোষীদের মানুষের সামনে আসুক, তারা উপযুক্ত শাস্তি পাক।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে শনিবার বেলা ১২ টার দিকে শহীদুল্লাহ কলা ভবনের সামনে বিভাগ আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মাসউদ আখতার আরো বলেন, ‘বিভাগের অনিয়মিত ছোট কাগজ ‘সপ্তক’র পরবর্তী সংখ্যাটি অধ্যাপক রেজাউল করিমকে উৎসর্গ করা হবে। সেখানে অধ্যাপক রেজাউল করিমের স্মৃতিচারণ করা হবে। এছাড়া আগামী ২৫জুন বেলা সাড়ে ১১টার দিকে মৌনমিছিল ও সমাবেশের ঘোষণাও দেন তিনি।
এর আগে বিভাগের সামনে থেকে একটি মৌন মিছিল বের করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশে মিলিত হয়।
এ সময় বিভাগের শিক্ষক অধ্যাপক অসীম কুমার দাস, অধ্যাপক শহীদুর রহমান, সহযোগী অধ্যাপক ড. শেহনাজ ইয়াসমীন, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন , সহযোগী অধ্যাপক রুবাইদা আখতারসহ বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।

