১৬ বছরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এর প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ২০০১ সালের এই দিনে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে কৃষিতে উচ্চশিক্ষায় দক্ষিণ এশিয়ার সর্বপ্রাচীন বিদ্যাপীঠ।

১৯৩৮ সালের ১১ ডিসেম্বর শেরেবাংলা এ কে ফজলুল হক ‘বেঙ্গল এগ্রিকালচারাল ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা করেন। পরে ১৯৪৭ এ দেশ ভাগের পর পূর্ব পাকিস্তান কৃষি ইনস্টিটিউট এবং ১৯৭১ এ স্বাধীনতার পর বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট হিসেবে পরিচিত ছিল এই প্রতিষ্ঠান। ২০০১ সালের ৯ জুলাই সংসদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ পাস হয় এবং ঐ বছরের ১৫ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

হাজার হাজার কৃষি বিজ্ঞানির জন্ম দিয়েছে এ প্রতিষ্ঠান। যারা অবদান রেখেছেন কৃষির বিভিন্ন উন্নয়নে। দেশের গণ্ডি পেরিয়ে এ বিদ্যাপীঠের নাম ছড়িয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে তাই শেকৃবি পরিবারের সবাই এ বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি কামনা করেছেন। গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণের মাধ্যমে কৃষি ক্ষেত্রে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে নিজেদের প্রতিষ্ঠানকে দেখতে চান সবাই।

১৪ জুলাই মধ্য রাত থেকেই ফেসবুকে শুভকামনা জানিয়েছেন সবাই। সাথে সাথে স্মৃতি বিজড়িত ছবি দিয়েছেন অনেকেই। প্রোফাইল ও কভার ছবিতে শোভা পেয়েছে জন্মদিনের বার্তা।

তবে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রশাসনের পক্ষ থেকে কোন কর্মসূচী না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।

  •  
  •  
  •  
  •