চবির মূল ফটকে তালা ঝুলিয়েছে পদ বঞ্চিতরা

চবি প্রতিনিধি :
সদ্য অনুমোদিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পেয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করেন পদ বঞ্চিতরা।

সোমবার দুপর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক তালা দিয়ে অবরোধ করে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ পদবঞ্চিতরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ১০ মিনিট অবরোধ করে রাখেন তারা।

প্রায় আধাঘণ্টা মূল ফটক অবরোধের পর বিকেল ৩টার দিকে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তারা তালা খুলে দেন। এসময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এই কমিটির ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বেধে দেন।

মূল ফটক আটকে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তায়েফুল হক তপু, মোহাম্মদ মামুন, রেজাউল করিম, মিজানুর রহমান, মিজানুর রহমান বিপুল, আব্দুল মালেকসহ প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন রাইজিংবিডিকে জানান, ছাত্রলীগ নেতা-কর্মীরা মূল ফটকে তালা দেওয়ার খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রাক্তন ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মামুন রাইজিংবিডিকে জানান, এই কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতা-কর্মীদের বঞ্চিত করা হয়েছে। আমরা এ কমিটি মানি না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই কমিটি ব্যাপারে কেন্দ্রীয় কমিটি হস্তক্ষেপ না করলে আমরা এই কমিটিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করব।

উল্লেখ্য, কমিটির মেয়াদ শেষ হওয়ার দুদিন আগে রোববার গভীর রাতে ২০১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

  •  
  •  
  •  
  •