নাটোরে দুই দিনব্যাপী নাট্যমেলা অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি:
“মৃত্তিকা ঘনিষ্ট মানুষ চাই” স্লোগান নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে নাটোরে দুই দিনব্যাপী নাট্যমেলা আয়োজন করা হয়েছে। ১ ও ২ জানুয়ারী বাগাতিপাড়া উপজেলার ধুপইল শহীদ মিনার প্রঙ্গনে এই নাট্য মেলার আয়োজন করা হয়।
এ নাট্য মেলায় প্রথম দিনে নাটোরের চলন নাটুয়া ‘সিরাজ-উদ দৌলা’ ও দ্বিতীয় দিনে পাবনার সমন্বয় থিয়েটার ‘সোনার মেডেল’ মঞ্চস্থ করে। বিনোদন বঞ্চিত গ্রামবাংলার দর্শক-শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে এ নাটক দুটি উপভোগ করে।
খোলা মঞ্চে নাটক বা যাত্রা প্রায় বিলুপ্ত হওয়ার পথে। তবে এ সংস্কৃতির প্রয়োজনীয়তার কথা উপলদ্ধি করে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে নাটোরের চলন নাটুয়া গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় এ আয়োজন করার উদ্যোগ নিয়েছে। সকল প্রকার অশ্লীলতা বর্জন করে শুধুমাত্র পুরুষ অভিনেতার সমন্বয়ে খোলা বা স্থায়ী মঞ্চে তারা এসব নাটক মঞ্চস্থ করছে।
চলন নাটুয়ার পরিচালক জানান, কোন প্রকার পৃষ্ঠপোষকতা ছাড়াই তারা নিজেদের অর্থ খরচ করে প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সমাজের অতি সাধারণ মানুষদের অভিনেতা হিসেবে তৈরী করে তারা এ নাট্যদল চালিয়ে যাচ্ছেন। গ্রাম-বাংলার দর্শকরাও তাদের এ প্রয়াসে সাড়া দিয়ে তাদের মঞ্চস্থ নাটক দেখে তৃপ্ত হচ্ছেন। নাট্য মেলার প্রথম দিনে চলন নাটুয়ার মঞ্চস্থ সিরাজ-উদ দৌলার করুণ পরিণতিতে তারাও আবেগাল্পুত হয়ে পড়ছেন। আবার মির্জাফরের বিশ্বাসঘাতকতা দেখে তারা ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছেন। পৌষের এই রাতে শীতের তীব্রতা উপেক্ষা করে দর্শকদের ঔৎসুকতা লক্ষ্য করার মত।
দর্শকরা জানান, সমাজের যুব সম্প্রদায় যাতে বিপথে পরিচালিত না হয় সেজন্য এ ধরণের আয়োজন আরো বেশী বেশী হোক এটা তারা চান। সংশ্লি¬ষ্ট উর্দ্ধতন কতৃপক্ষ তথা সমাজের বিত্তবানদের সহযোগিতা এ প্রচেষ্টা সার্থক করে তুলবে বলে আয়োজকরা দাবী করেন।

