আদালত প্রাঙ্গণে হঠাৎ পড়ে গেলেন পরীমনি
বিনোদন ডেস্কঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে থাকা অভিনেত্রী পরীমনির আরও একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
আদালতে সিআইডির পক্ষ থেকে আবারো পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিলো। অন্যদিকে পরীমনির পক্ষে জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা।
আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বলেন জানিয়েছেন আইনজীবীরা।
আদেশের পর সিএমএম আদালতের আট তলা ভবন থেকে পরীমণিকে বের করা হয়। এর আগে থেকে নিচে গারদ থানার সামনে শতশত সাধারণ মানুষ, সাংবাদিক পরী মণির জন্য অপেক্ষায় থাকেন। এর ফলে ভিড়ে হাঁটার মতো পরিস্থিতিও ছিল না। এর মধ্যেই পরী মণিকে পুলিশ কঠোর নিরাপত্তা দিয়ে গারদ থানায় নেওয়ার জন্য রওনা দেয়।
পুলিশ বেষ্টিত হয়ে হাঁটার সময় পরী মণি হুড়োহুড়িতে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে হাতে-পায়ে ব্যথা পান তিনি। পরে নারী পুলিশেরা তাঁকে তুলে আবার গারদ থানায় প্রবেশ করান।
এদিন সকাল ৮টা ২৫ মিনিটে পরীমণিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
এর আগে গত ১৬ আগস্ট বনানী থানায় মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তৃতীয় দফায় পরীমণির ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আজ বৃহস্পতিবার পরীমণির উপস্থিতিতে এ রিমান্ড শুনানি শুরু হয়।

