লাইফ সাপোর্টে লতা মঙ্গেশকর
নিউজ ডেস্ক: কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ভেন্টিলেশনে দেওয়া হয়েছে সুর সম্রাজ্ঞীকে। আপাতত আইসিইউতেই ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। এমন খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করছেন গুণী এই শিল্পীর ভক্ত-অনুরাগীরা।
এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন এই শিল্পী। চিকিৎসক প্রতীত সমদানির অধীন একটি বিশেষ মেডিকেল বোর্ড তৈরি করে চলছিল লতা মঙ্গেশকরের চিকিৎসা। এরই মধ্যে আবারও অবস্থার অবনতি ঘটে লতার। কোনো রকমের ঝুঁকি না নিয়েই তাকে তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয়।
এর আগে জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে লতার। করোনার মৃদু উপসর্গ থাকলেও নিউমোনিয়ার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর ৯ জানুয়ারি থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মাঝে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও হঠাৎ আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। টানা ২০ দিনের বেশি সময় হাসপাতালে রয়েছেন লতা মঙ্গেশকর। কিন্তু তিন সপ্তাহ পার করেই আবারও বাড়ল উদ্বেগ।

