অলিম্পিকের গোল্ড মেডেলে কতটুকু সোনা থাকে?

আন্তর্জাতিক ডেস্ক:
অলিম্পিকে সোনা জেতাকে কখনোই আর্থিকভাবে বিচার করা উচিত নয়। অমূল্য এই সম্মান। কিন্তু বাস্তবে, সোনার মেডেল গোটাটা সোনার নয়। বরং, একেবারেই কম সোনা থাকে একটি মেডেলে। সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে সোনার পরিমাণ কমেছে মেডেলে। আর রিও অলিম্পিকে সেই পরিমাণটা মাত্র ১.২ শতাংশ।

একটি হিসেব থেকে জানা গিয়েছে, ৫০০ গ্রাম ওজনের এক একটি গোল্ড মেডেল পুরোপুরি ২৪ ক্যারেট সোনা দিয়ে বানাতে হলে প্রতিটির জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির খরচ হত ২২ হাজার ডলার। অর্থাৎ, প্রায় ১৫ লাখ টাকা। ফলে শুধু গোল্ড মেডেল বানাতেই অলিম্পিক কমিটিকে ৫০ মিলিয়ন ডলার খরচ করতে হত। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪০ কোটি টাকা।

এখন এত কম সোনা থাকলেও প্রথম দিকে এমনটা ছিল না। সোনার মেডেল দেয়া শুরু হয় ১৯০৪ সালে সেন্ট লুইসে অনুষ্ঠিত অলিম্পিকে। ১৯১২ সালে সুইডেন অলিম্পিকে শেষবার সম্পূর্ণ সোনার মেডেল দেয়া হয় বিভিন্ন ইভেন্টে প্রথম স্থানাধিকারীকে।

এবার জেনে নেয়া যাক, ২০১৬ সালের রিও অলিম্পিকের গোল্ড মেডেলের আর্থিক মূল্য কত। সংবাদসংস্থা সিএনএন-এর দেয়া হিসেব বলছে, এক একটি গোল্ড মেডেলের দাম পড়েছে ৫৮৭ ডলার, অর্থাৎ ৪০ হাজার টাকার মতো। এর মধ্যে রয়েছে, ৪৯৪ গ্রাম রুপো এবং ৬ গ্রাম সোনা।

তবে সোনার মেডেল কি আর দাম দিয়ে বিচার করা যায়! ওই সম্মান, ওই অনুভূতি যে অমূল্য। প্রকৃত মূল্য বোঝেন প্রাপকরাই।

  •  
  •  
  •  
  •  

Tags: