বাজেট ঘাটতি গোপনের অভিযোগে ক্ষমতাচ্যুত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক:
বাজেট ঘাটতি গোপনের অভিযোগে ক্ষমতা হারাতে হলো ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মিশেল টিমার।
বুধবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ৮১ সদস্যের মধ্যে ৬১ জন প্রেসিডেন্ট দিলমাকে অভিশংসনের প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২০ জন। এর ফলে দুই-তৃতীয়াংশ ভোটে প্রস্তাব পাস হওয়ায় তিনি প্রেসিডেন্ট পদ থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হলেন। খবর বিবিসির
অভিযোগ অস্বীকার করে রৌসেফ তার বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়াকে ‘পার্লামেন্টারি ক্যু’ বলে আখ্যায়িত করেছিলেন। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে বামপন্থি ওয়ার্কার্স পার্টির ১৩ বছরের শাসনের অবসান ঘটল।

