মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকে ভোট দিলেন মহাকাশচারী
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আন্তর্জাতিক মাহাকাশ স্টেশন থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন মহাকাশচারী শেন কিমব্রো। নাসা জানিয়েছে, আপাতত কিমব্রোই একমাত্র মার্কিন মহাকাশচারী, যিনি মহাকাশ স্টেশনে রয়েছেন। তাই সেখান থেকেই নিজের ভোট দিয়েছেন তিনি।
রুশ সয়ুজ রকেটে করে ১৯ অক্টোবর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান কিমব্রো। আরও ২ রুশ মহাকাশচারীর সঙ্গে তার সেখানে ৪ মাস কাটানোর কথা রয়েছে।
টেক্সাসের আইন অনুযায়ী, ১৯৯৭ সাল থেকে মার্কিন মহাকাশচারীরা আকাশ থেকেও ভোটাধিকার প্রয়োগ করছেন। মহাশূন্য থেকে ভোট দেওয়া প্রথম মার্কিন মহাকাশচারী হলেন ডেভিড উলফ। রুশ মহাকাশ স্টেশন মির থেকে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
যদিও কীভাবে এই ভোটদান সম্ভব হয়েছে তা ব্যাখ্যা করেনি নাসা। যেমন তারা বলেননি, হিলারি না ট্রাম্প কাকে ভোট দিয়েছেন শেন।
সূত্র: এবিপি আনন্দ

