বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্র: ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় বালুর ট্রাক

আন্তর্জাতিক ডেস্ক:

অব্যাহত বিক্ষোভ থেকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদ রক্ষায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে দেশটি। এরই অংশ হিসেবে ট্রাম্প টাওয়ারের সামনে বালুবোঝাই ট্রাক রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

বুধবার (৯ নভেম্বর) থেকেই ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের সামনে নিউইয়র্ক পয়োঃনিষ্কাশন বিভাগের অনেকগুলো বালুবোঝাই ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়। ট্রাকগুলো দিয়ে টাওয়ারের চারদিকে প্রতিরক্ষা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানিয়েছেন, অব্যাহত বিক্ষোভের মুখে বিস্ফোরণজনিত ঘটনা থেকে ট্রাম্প টাওয়ারকে রক্ষায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে রয়টার্স ও টিএমজেড ট্রাকগুলো নিউইয়র্ক স্যানিটেশন বিভাগের উল্লেখ করলেও ওয়াশিটন পোস্টের কাছে এ বিষয়ে বক্তব্য দিতে স্যানিটেশন কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করেছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  •  
  •  
  •  
  •  

Tags: