পাকিস্তানে মাজারে বিস্ফোরণ :নিহত ৪৩, আহত ১০০
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় গোলযোগপূর্ণ বালুচিস্তান প্রদেশে শনিবার একটি সুফি মাজারে বোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। আহত হয়েছে আরও বহু লোক।
প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ৭৬০ কিলোমিটার দূরে খুজধার জেলা সূফি অলি শাহ নূরানীর মাজারে একটি অনুষ্ঠান চলাকালে এ হামলা হয়।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওই ঘটনায় ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে পাকিস্তানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। তবে ডন বলছে, আহতের সংখ্যা ১০০ জন।
যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন মাজারটিতে সুফি মুসলিমদের ঐহিত্যবাহী ‘ধামাল’ নৃত্য চলছিল। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
বিবিসি বলছে, খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রত্যন্ত অঞ্চলের মাজারটিতে জরুরি উদ্ধারকর্মীদের পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।
বিস্ফোরণে গুরুতর আহতদের ঘটনাস্থল থেকে প্রায় ৬২ মাইল দূরে করাচির হাসপাতালে নেওয়া হয়েছে।
এই হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি উদ্ধার তৎপরতার গতি ত্বরান্বিত করতে নির্দেশ দেন। হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানও।
চলতি বছরে বেশ কয়েকবার উগ্রপন্থীদের হামলার শিকার হয়েছে বেলুচিস্তান। সর্বশেষ অক্টোবরে প্রদেশটির কোয়েটা শহরে একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে হামলায় ৫৯ জন নিহত হন।

