দায়িত্বের প্রথম দিনই টিপিপি চুক্তি বাতিল করবেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর দায়িত্বের প্রথম দিনই ১২টি দেশের বাণিজ‌্য সহযোগিতা চুক্তি ‘ট্রান্স প‌্যাসিফিক পার্টনারশিপ ট্রেড ডিল’ (টিপিপি) বাতিল করবেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে ট্রাম্পের সাথে বৈঠক করেন জাপানোর প্রধানমন্ত্রী শিনজো আবে। জাপান টিপিপি চুক্তির অন্যতম বড় সমর্থক। আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশটি যুক্তরাষ্ট্রের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবেও স্বীকৃত।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ও ট্রাম্প বহুবার এ চুক্তির বিরোধিতা করেছিলেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভিডিও বার্তায় ট্রাম্প টিপিপি চুক্তি বাতিলের কথা বললেও মেক্সিকো সীমান্তে দেয়াল বা দেশটির স্বাস্থ‌্য কর্মসূচি ‘ওবামাকেয়ার’ বাতিলের প্রসঙ্গ তোলেননি। নির্বাচনের আগে এসব প্রসঙ্গে কড়া অবস্থান নিয়ে অনেকের মনেই উদ্বেগ তৈরি করেছিলেন ট্রাম্প।

গত ৮ নভেম্বরের ভোটে সারা বিশ্বকে অবাক করে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। তার বিজয়ের প্রতিবাদে দেশটির শতাধিক শহরের বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ।

প্রায় আড়াই মিনিটের এ ভিডিও বার্তায় প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনার কথা ঘোষণা করেন ট্রাম্প। এর মধ্যে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিন কী কী নির্বাহী আদেশ আসতে পারে, তালিকাও প্রকাশ করেন ট্রাম্প।

এ তালিকার প্রথমেই আছে টিপিপি চুক্তি বাতিলের প্রসঙ্গটি। এছাড়া যুক্তরাষ্ট্রের জ্বালানি উত্তোলনের বিধিনিষেধ তুলে দেওয়া, ব‌্যবসার ক্ষেত্রে নীতিমালা শিথিল করা, সাইবার হামলার বিরুদ্ধে লড়তে একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা, অভিবাসীদের ভিসার অপব‌্যবহারের বিষয়ে তদন্তের নির্দেশ, সরকারি চাকরি ছেড়ে লবিস্ট হওয়ার ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপের নির্দেশও আসতে পারে।

  •  
  •  
  •  
  •