সিরিয়ায় আলেপ্পোয় কোণঠাসা বিদ্রোহীরা
আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চলের কয়েকটি শহর দখল করে নিয়েছে সরকারি বাহিনী।
বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর হামলায় টিকতে না পেরে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় ১০ হাজার মানুষ।
আলেপ্পো সিরিয়ার একটি প্রদেশ। রাজধানী শহরও আলেপ্পো। আলেপ্পোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে অভিযান চালাচ্ছে বাশার বাহিনী।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পূর্ব আলেপ্পো থেকে সরকার নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পো ও কুর্দি বাহিনী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে প্রায় ১০ হাজার মানুষ পালিয়ে এসেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, পালিয়ে আসা মানুষের সংখ্যা দেড় হাজারের মতো। আর রাশিয়া বলেছে, এ সংখ্যা আড়াই হাজারের বেশি নয়।
বিবিসি জানিয়েছে, পূর্ব আলেপ্পোয় সত্যি কী হচ্ছে, তা জানা কঠিন। কিন্তু যেসব খবর পাওয়া যাচ্ছে, তা হলো : শাকুর শহরের রাস্তায় রয়েছে সরকারি বাহিনী। তারা হলোক শহর দখল করে নিয়েছে। সরকারি বাহিনী আরো যেসব শহর দখল করেছে, তার মধ্যে রয়েছে- বাদিন, জাবাল বাদরা, ইনজারাত, আল-শাকান, আল-শাবি, আইন আল-তাল। শনিবার হানানো শহরের দখল নেয় সরকারি বাহিনী।
পূর্ব আলেপ্পোর সাত বছরের শিশু বানা আলাবেদ তার টুইটার অ্যাকাউন্টে ধ্বংসযজ্ঞের অনেক ছবি আপলোড করেছে। কয়েক হাজার ফলোয়ার রয়েছে তার। রোববার এক টুইটে সে জানিয়েছে, তাদের বাড়িতে বোমা ফেলা হয়েছে।

