হোয়াইট হাউসের সামনে বাংলাদেশি হিন্দুদের প্রতিবাদ সমাবেশ
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের অবসানে ও সংখ্যালঘুদের সহায়তা করতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে বসবাসকারী হিন্দুরা। রোববার হোয়াইট হাউসের সামনে শান্তিপূর্ণ এক প্রতিবাদ সমাবেশে তারা এ আহ্বান জানান।
ওবামার কাছে দেয়া এক স্মারকলিপিতে সংখ্যালঘুরা বলেছেন, আমরা বিশ্বাস করি, আপনি মহান সংবেদনশীল একজন ব্যক্তি এবং বাংলাদেশে সংখ্যালঘুদের শোচনীয় পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে এর সমাধান করবেন। আমরা অনুরোধ করছি; যদি সম্ভব হয় বাংলাদেশ নিয়ে আমাদের উদ্বেগ পরবর্তী প্রশাসনের কাছে পৌঁছে দিবেন।
হিন্দু, বৌদ্ধ, খিষ্টান ঐক্য পরিষদের আহ্বানে হোয়াইট হাউসের সামনে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সংখ্যালঘু নেতারা বলেন, তারা বাংলাদেশে নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতন বন্ধে ব্যবস্থা নিতে বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
একইসঙ্গে দেশে সংখ্যালঘু নির্যাতন ও ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের নেয়া ধীর পদক্ষেপ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিষদের নেতারা। স্মারকলিপিতে তারা বলেছেন, বর্তমানে বাংলাদেশে হিন্দু পরিবার ও মন্দির ধ্বংস, জমি দখল, হত্যা এবং ধর্ষণ একটি রীতিতে পরিণত হয়েছে।
সম্প্রতি দুটি বড় ধরনের সংখ্যালঘু হামলার ঘটনা ঘটেছে; যেখানে ক্ষমতাসীন দলের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি; এমনকি ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সহায়তাও করেনি।
এর আগে, গত মাসে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ করে সেদেশে বসবাসকারী হিন্দুরা। ওই সময়ও সংখ্যালঘু নির্যাতন বন্ধে সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে সহায়তার আহ্বান জানান।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

