আফগানিস্তানের এক হাসপাতালে আইএসের হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক হাসপাতালে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৮ মার্চ বুধবারের এই হামলায় আহত হয়েছে আরও ৫০ জন। বুধবার কাবুলের কূটনৈতিক এলাকায় অবস্থিত এই হাসপাতালে হামলার দায় স্বীকার করেছে আইএস। চিকিৎসকের বেশে ৪ হামলাকারী হাসপাতালে প্রবেশের পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ হয়।

হামলার পর প্রাথমিকভাবে জানা যায়, বুধবার এক জঙ্গি ৪০০ শয্যার দাউদ খান হাসপাতালের সামনে আত্মঘাতী হামলা করে। এরপর তিন অস্ত্রধারী হাসপাতালের ভেতরে প্রবেশ করে, তারা গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটায়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, চিকিৎসক বেশধারী এক জঙ্গি তার অ্যাপ্রনের ভেতর থেকে একে-৪৭ বের করে হামলা করে এক রোগী ও হাসপাতালের এক কর্মীকে হত্যা করে। আফগান কমান্ডোরা হেলিকপ্টারে করে হাসপাতালে প্রবেশ করে এবং জঙ্গিদের রুখে দেয়।

হাসপাতালের ছাদে অবতরণ করা আফগান কমান্ডোরা কয়েক ঘণ্টার লড়াই শেষে চার জঙ্গিকেই হত্যা করেছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি হামলার নিন্দা করে বলেন, এই হামলা মানবিক মূল্যবোধকে পদদলিত করেছে। সব ধর্মে হাসপাতালে হামলা করা নিষিদ্ধ। এখানে হামলা করা পুরো আফগানিস্তানে হামলার শামিল

  •  
  •  
  •  
  •