রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে লড়বেন নাভালনি
আন্তর্জাতিক ডেস্ক:
আগামী মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। দুর্নীতির দায়ে অভিযুক্ত এই নেতা বলেছেন, পুতিনকে চ্যালেঞ্জ করার মতো পর্যাপ্ত সমর্থন তিনি পেয়েছেন।
দেশটির হাজার হাজার মানুষ রাশিয়ার এই রাজনীতিককে পুতিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনীত করতে অন্তত ২০টি শহরে সমবেত হয়েছিলেন। এসময় তারা নির্বাচনী কর্মকর্তাদের উপস্থিতিতে ৪১ বছর বয়সী বিরোধীদলীয় রুশ এই নেতাকে নির্বাচনী লড়াইয়ের জন্য মনোনীত করেন।
দুর্নীতির দায়ে অভিযুক্ত নাভালনি রুশ নির্বাচনে লড়তে পারবেন কি না সেবষিয়টি এখনো পরিষ্কার নয়। তবে রাজনৈতিক উদ্দেশ্যেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন তিনি। আগামী ১৮ মার্চ রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
মস্কোতে কয়েকশ সমর্থকের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় নাভালনি ‘বদ প্রেসিডেন্ট’ হিসেবে পুতিনকে অভিহিত করেন। এসময় নাভালনি সমর্থকদের বলেন, যদি নির্বাচনে লড়াইয়ের অনুমতি তাকে দেয়া না হয়, তাহলে ভোট বর্জনের আহ্বান জানাবেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনকে চ্যালেঞ্জ জানানোর মতো একমাত্র শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে নাভালনিকে। জোসেফ স্ট্যালিনের পর রাশিয়ার দীর্ঘমেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে চতুর্থবারের মতো লড়ছেন পুতিন।
রাশিয়ান টেলিভিশন তারকা সেনিয়া সবচেক মার্চের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তবে অনেকেই তাকে ক্রেমলিনের দালাল মনে করেন।
সূত্র : বিবিসি, এএফপি।

