জামিনে মুক্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
আন্তর্জাতিক ডেস্ক:
দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) হাতে গ্রেফতার দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জামিন মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে কয়েক মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে মঙ্গলবার (৩ জুলাই) তাকে গ্রেফতার করার পর বুধবার (৪ জুলাই) সকালে তাকে আদালতে হাজির করা হয়।
কোয়ালালামপুরের একটি আদালতে বুধবার নাজিবের বিরুদ্ধে আনা ফৌজদারি আইনে আনা তিনটি এবং একটি ক্ষমতার অপব্যবহারজনিত কারণে আনা অভিযোগের শুনানি হয়। শুনানি শেষে বিচারক ১০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিতের মুচলেকায় নাজিবের জামিন আবেদন মঞ্জুর করেন। এছাড়াও আদালত নাজিবকে তার কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
নাজিবের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে তার। তবে এসব অভিযোগ অস্বীকার করেন এই সাবেক প্রধানমন্ত্রী।
প্রায় দুই মাস আগে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই দুর্নীতির অভিযোগে নাজিব তুন রাজাকের বিরুদ্ধে তদন্ত শুরু করে মালয়েশিয়ার দুদক। তদন্তের স্বার্থে নাজিবের বাড়িতে তল্লাশি চালানো হয়। একই অভিযোগে নাজিবের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

